চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় নিষ্ঠাকে জাতির গর্ব বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নানা সংকটের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, যা দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষ তার কথা হয়তো সব সময় গুরুত্ব দিয়ে শুনবেন না, তবে চিকিৎসকদের বক্তব্যকে মানুষ সম্মান করে। দেশের চিকিৎসকদের মেধা, যোগ্যতা ও দক্ষতার প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাচ্ছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন এবং অনেক ক্ষেত্রে কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখেন। চিকিৎসকদের এ অবদান নিয়ে তিনি গর্বিত এবং দেশের বাইরেও তাদের দক্ষতা ও সাফল্যের কথা তুলে ধরেন।
দেশের হেমাটোলজি চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, এ খাতকে আরও শক্তিশালী করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিচ্ছে। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে বিভিন্ন এলাকায় হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব রোগের চিকিৎসাসেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



