সালথায় ডিম খাওয়া নিয়ে মারামারি, থামাতে গিয়ে প্রাণ গেল কৃষকের

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ডিম খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, মারামারি থামানোর সময় তাকে মারধর করা হয়। তবে পুলিশের ভাষ্য, কোনো আঘাতের কারণে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত লুৎফার মোল্যা চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফারের ছেলে লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন লুৎফার। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামাতে এগিয়ে গেলে লুৎফারকে কিল-ঘুষি মারা হয়। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানান তারা।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ডিম খাওয়াকে কেন্দ্র করে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এ সময় এগিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লুৎফারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ওসি আরও বলেন, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগও করেননি।



