বাংলাদেশ

ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ

বাংলা টিভি ডেস্ক: চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ভায়াগ্রা, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ প্রায় ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব অভিযানে আকাশপথে দেশে আনার পর ডাক বাছাই কেন্দ্র ও রেলপথ ব্যবহার করে পণ্য সরিয়ে নেওয়ার একটি কৌশলও শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল আমিন জানান, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান দুটি পরিচালনা করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বুধবার ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রার ব্যবহার এবং প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়া ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এর আগে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরী ক্রিম’ এবং বিপুল পরিমাণ ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পণ্যগুলো আন্তর্জাতিক রুটে আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুর রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) সেন্টার হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল।

দুই দিনের অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী, ৫৫ দশমিক ৮ কেজি অবৈধ ওষুধ, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি পুরোনো ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং ১৭ লিটার মদজাতীয় পানীয়।

এনবিআর জানিয়েছে, সরকারি রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং অননুমোদিত ওষুধের অবৈধ বাণিজ্য বন্ধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে শুল্ক গোয়েন্দাদের নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button