বাংলাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডস্থল থেকে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাঁকে ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টটির মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের অবস্থান সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button