ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে গণধোলাই

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মির্জাপুরে আবাসিক মাদরাসার একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসাটির আবাসিক পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে বলাৎকার করার অভিযোগ উঠেছে পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। শুক্রবার আবাসিকের এক শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গেলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।
পরে ওই শিক্ষার্থীর অভিভাবকেরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।
অভিযোগের বিষয়ে আলোচনা করতে শনিবার বিকেলে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে মারধর করেন। পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক শিক্ষার্থী পরিবারের কাছে বিষয়টি জানানোর পর অভিভাবকেরা তাঁদের অবহিত করেন। পরে মাদরাসায় এ বিষয়ে আলোচনার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের সত্যতা যাচাই এবং পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে পুলিশ তদন্ত করছে।



