বাংলাদেশUncategorized

বেনসন থেকে ডার্বি সবই নকল, পুড়ানো হল লাখ লাখ টাকার সিগারেট

বাংলা টিভি ডেস্ক: সিলেটে আসল ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল সিগারেটের অবৈধ ব্যবসা ঠেকাতে নগরীর বিভিন্ন পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গত সাত দিনে হকার্স মার্কেট, শাহপরাণ (রহ.) ও বন্দরবাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। তিনি জানান, জব্দ করা নকল সিগারেটগুলো পরে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, মন্সটার, পুষ্পা, ডার্বি, পার্টনার ও প্রাইম গোল্ডসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা নকল সিগারেট জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, নতুন আইন ও বিধান অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ ধাপে ধাপে বাড়ানোর ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।

জেলা প্রশাসনের মতে, নকল সিগারেটের অবৈধ বাণিজ্যের কারণে সরকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি কম দামে এসব পণ্য সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ার ঝুঁকি রয়েছে। নিম্নমানের ও অননুমোদিত তামাকজাত পণ্য ব্যবহারের ফলে জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button