ধর্মজামায়াতরাজনীতি

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দিলো না প্রশাসন

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক সংগঠন মানব কল্যাণ পরিষদের সভাপতি ইসমাইল হক।

তিনি জানান, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে জানানো হয়, মাহফিলের নিরাপত্তা-সংক্রান্ত প্রতিবেদন পেতে পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত অনুমতি দেওয়া সম্ভব নয়।

ইসমাইল হক বলেন, এমন পরিস্থিতিতে তারা ধরে নিয়েছেন, প্রশাসন মাহফিলের অনুমতি দেবে না। শেষ পর্যন্ত অতিথিদের ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং প্যান্ডেল গুটিয়ে ফেলেছেন।

আয়োজকেরা গত কয়েক দিন ধরে আশপাশের এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে মাহফিলের প্রচার চালাচ্ছিলেন। মাঠে বড় প্যান্ডেল তৈরির কাজও চলছিল। তবে শেষ পর্যন্ত মাহফিলটি হচ্ছে না বলে জানিয়েছে আয়োজক কমিটি।

মানব কল্যাণ পরিষদের উদ্যোগে গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। রেলবাজার দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবু মুহাম্মদ বজলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। প্রধান আলোচক হিসেবে ব্যানার ও পোস্টারে মুফতি আমির হামজা এমপির নাম ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, অনেক মানুষের সমাগম হয়—এমন সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পুলিশের ছাড়পত্র প্রয়োজন। এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত অনুমতির বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

অন্যদিকে, মাহফিলের বিষয়ে পুলিশের অবস্থান জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদ রোববার দুপুরে জানান, বিষয়টি তার জানা নেই। উপজেলা বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো প্রতিবেদন চাওয়া হয়ে থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button