গ্রাম বাংলাদেশবাংলা

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে।

নিহত সাদিয়া উজানী গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে একই ঘটনায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। শিশু দুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button