ভাড়া বাসায় মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ, উধাও প্রেমিক

বাংলা টিভি ডেস্ক: বাগেরহাটের শরণখোলায় ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুই (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে শরণখোলা থানা পুলিশ।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জুই আক্তার শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। নিহত জুইয়ের ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী প্রবাসে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুই আক্তারের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়াবাসায় বসবাস করছিলেন। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুই আক্তার স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আর ওই নারী যার সঙ্গে বাসায় উঠেছিলেন তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



