জামায়াত কখনোই আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি: গোলাম পরওয়ার

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেনি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের কখনো জোট হয়নি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে সে সময় সব বিরোধী দল মিলে একটি লিয়াজোঁ কমিটি গঠন করেছিল বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, মাত্র সাত মাসের মধ্যেই ফ্যাসিবাদের অর্থ ভুলে গেছে দলটি। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, লুটপাট, দলীয় লোকজনকে বিভিন্ন পদে বসানো এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফ্যাসিবাদেরই বৈশিষ্ট্য।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বিএনপি সেই চেতনা ধারণ না করে দমন-পীড়নের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে দেখার জন্যও বিএনপির সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর ভাষ্য, দুর্নীতি ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে। বিরোধী দলগুলোকে ভয় দেখিয়ে ও পাল্টা দোষারোপ করে সরকার স্বৈরাচারী শাসন ফিরিয়ে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়েও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, বিচার কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। তাঁর মতে, এ ঘটনা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার প্রতিফলন।



