মেয়র পদে নির্বাচন করতে প্রস্তুত আছি: ইশরাক

বাংলা টিভি ডেস্ক: মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, দল মনোনয়ন দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, মেয়র পদে নির্বাচন করার বিষয়ে তিনি আগ্রহী। দল তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে মনোনয়ন দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে দলের জন্য কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চান না বলেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, সোমবার থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এখন থেকে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে আরও বেশি সময় দিতে চান তিনি।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ডেকে পাঠান এবং দায়িত্ব ছাড়ার নির্দেশ দেন।



