বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ আখচাষি পেলেন ১২ কোটি টাকা

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে আখচাষিদের জন্য প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে মোট ১২ কোটি টাকা বিতরণ করা হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ডিজিটাল বোতাম চেপে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করেন। উপস্থিত জনতাও তাঁর সঙ্গে সমস্বরে ‘বিসমিল্লাহ’ বলেন।

এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান তারেক রহমান। সেখানে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।

আখচাষিদের জন্য ঘোষিত এ প্রণোদনা কর্মসূচিকে জনসভায় প্রধানমন্ত্রীর অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button