বাংলাদেশ

জমি নিয়ে বিরোধে কবরস্থানে ঠাঁই হলো না বৃদ্ধের

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে দাফন করা যায়নি ৮৫ বছর বয়সি নুরুল ইসলাম মিয়াজীকে। শেষ পর্যন্ত স্বজনদের বাধার মুখে নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করতে বাধ্য হয়েছে পরিবার।

রোববার (২৫ অক্টোবর) বাদ আসর জানাজা শেষে দাফনের কথা থাকলেও বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে বাদ এশা বাড়ির আঙিনায় তার দাফন সম্পন্ন করার উদ্যোগ নেয় পরিবার।

স্থানীয় সূত্র ও ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী মিয়াজী বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজী রোববার সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নিলে একই বাড়ির মো. আলমের পরিবার এতে বাধা দেয়। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নেয় পরিবার।

নুরুল ইসলাম মিয়াজীর ভাগিনা খোকন পাটোয়ারী জানান, তার মামার কোনো ছেলে নেই, পাঁচটি মেয়ে রয়েছে। পূর্বপুরুষদেরও এই পারিবারিক কবরস্থানেই দাফন করা হয়েছে। অনাকাক্সিক্ষত পরিস্থিতি আরও জটিল না করতে তারা বাড়ির আঙিনায় দাফনের সিদ্ধান্ত নিয়েছেন।

নিহতের ভাতিজা মাহবুবুর আলম বলেন, ‘এটি আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক কবরস্থান। মো. আলম কিছুদিন আগে সম্পত্তির জন্য আদালতে মামলা করেছেন। তবে আদালত এখনো কোনো ধরনের নিষেধাজ্ঞা বা রায় দেননি।’

অন্যদিকে, প্রবাসী মো. আলম মুঠোফোনে জমি নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করে জানান, এই জমি নিয়ে পাকিস্তান আমল থেকেই বিরোধ চলে আসছে। মৃত নুরুল ইসলাম জীবিত অবস্থায় তাকে আক্রমণ করতে এসেছিলেন এবং তার ক্ষেতের ধান নষ্ট করেছিলেন। ফলে তিনি বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করতে পারেননি।

সরেজমিনে দেখা যায়, বাদ এশা পরিবারের উদ্যোগে নিজ বাড়ির আঙিনায় নুরুল ইসলাম মিয়াজীর জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেয়া হয়।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একজন প্রবীণ ব্যক্তির পারিবারিক কবরস্থানে দাফন নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
চাঁদপুর

সংশ্লিষ্ট খবর

Back to top button