গ্রাম বাংলাদেশবাংলা

ভোলায় ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ১৬৯ পিস ইয়াবাসহ মো. শরিফ চৌধুরী (২৬) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করে কোস্টগার্ড।

আটক শরিফ চৌধুরী উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকার লালু মিয়ার ছেলে। সম্প্রতি ঘোষিত লালমোহন উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম নয়ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান, কারও ব্যক্তিগত অপকর্মের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো নেয়নি, ভবিষ্যতেও নেবে না। সাংগঠনিক নিয়মনীতি উপেক্ষা করে কেউ ব্যক্তিগত স্বার্থে অনিয়ম, অপকর্ম বা দুর্নীতিতে জড়িত হলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

এদিকে, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল রোববার (২৫ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফ চৌধুরীকে বহিষ্কারের বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম চ্যানেল ভোলাকে জানান, কোস্টগার্ড শনিবার রাতে ১৬৯ পিস ইয়াবাসহ শরিফকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button