আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ব্রাজিলে ফিলিস্তিনপন্থি লুলা জেতার পর ট্রাম্প বললেন, নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাম্প্রতিক দুই ধাপের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন না করেই নির্বাচনটিকে ‘কারচুপিপূর্ণ’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থে একটি নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ট্রাম্প এসব কথা বলেন।

রোববার অনুষ্ঠিত রানঅফ নির্বাচনে ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়ে সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন লুইস ইনাসিও লুলা দা সিলভা। এর মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন লুলা।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনটি তাঁর কাছে অত্যন্ত খারাপ মনে হয়েছে। তাঁর ভাষায়, এটি আরেকটি কারচুপিপূর্ণ নির্বাচন বলে মনে হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের মতে, একটি নির্বাচন এমন হওয়া উচিত, যার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। তবে ব্রাজিলের নির্বাচন তাঁর কাছে সন্তোষজনক মনে হয়নি বলে জানান তিনি। নির্বাচনটি দেখতে তাঁর কাছে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভয়াবহ’ মনে হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, তিনি ব্রাজিল পরিচালনা করছেন না, বরং যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। লুলার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button