আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ

বাংলা টিভি ডেস্ক: মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে এনসিপির জেলা শাখার আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। বর্তমানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠছে। তাঁর দাবি, এমন পরিস্থিতিতে পুলিশ কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান বিএনপি সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। পাশাপাশি ব্যাংকিং খাতে প্রত্যাশিত সংস্কার না হওয়া এবং ব্যাংক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও সরকারকে দায়ী করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বিভিন্ন খাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।
এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার দলীয় নেতারা উপস্থিত ছিলেন।



