
বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলের এইচএসসি পাসের খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবাহিত হয়েও শাহজাহান খানের ছাত্রসংগঠনের শীর্ষ নেতৃত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন বিতর্কের মধ্যেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটি দুটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গতকাল শনিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হয় জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে নিজের ফেসবুকে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’
শাহজাহান খান মিয়ার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মাহিকে অভিনন্দন জানান। পাশাপাশি ছাত্রদলের জেলা সভাপতির ছেলে এইচএসসি পাস করায় তাঁর পারিবারিক জীবন ও বিবাহিত হয়েও ছাত্রসংগঠনের নেতৃত্বে থাকা নিয়ে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে শাহজাহান খান বলেন, ‘আমার ছেলে পাস করেছে, তাই আমি আলহামদুলিল্লাহ লিখে ফেসবুকে পোস্ট করেছি। এখন এত খোঁজখবর নিচ্ছেন, অথচ ১৭ বছর যখন পুলিশের অত্যাচারে ঘুমাতে পারিনি, তখন তো খোঁজ নেননি। এখন খোঁজ নিয়ে লেখালেখি করছেন। আমি কি আমার সন্তানকে নিয়ে মনের আনন্দ প্রকাশ করতে পারব না?’
উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল।



