জাতীয় যুব পুরস্কার-২০২৬: সারা দেশে দ্বিতীয় নাটোরের রায়হান

নাটোর প্রতিনিধি: সাহস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতাকে পুঁজি করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি।
রোববার (০১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে এ পুরস্কার তুলে দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
রায়হানের উদ্যোক্তা হওয়ার গল্প শুরু ২০১৪ সালে। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র ৬টি গরু দিয়ে খামার গড়ে তোলেন তিনি। ছোট পরিসরে শুরু করা সেই উদ্যোগ বিস্তৃত হয়ে বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং ও পরিবহনসহ বিভিন্ন খাতে একাধিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
মৎস্য খাতের পাশাপাশি স্থানীয় চাষিদের উৎপাদিত মাছ বাজারজাতকরণের সমস্যা সমাধানে তিনি প্রতিষ্ঠা করেন ‘সোনার বাংলা মৎস্য আড়ত’। কৃষি খাতে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে মিশ্র ফলবাগানে জৈব পদ্ধতিতে ফল উৎপাদনের পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন ‘আশার আলো জৈব সার কারখানা’। সেখানে উৎপাদিত ট্রাইকো কম্পোস্ট ও ভার্মি কম্পোস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটিতে বসবাসরত রাশিয়ানদের জন্য উৎপাদিত সবজি চাষেও ব্যবহৃত হচ্ছে। এই কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় ৩০ জনের।
তথ্যপ্রযুক্তি খাতে যৌথভাবে প্রতিষ্ঠিত ‘লিড টপার’ ও ‘হলিটেক আইটি’-র মাধ্যমে প্রায় ৩০০ তরুণ প্রশিক্ষণ গ্রহণ করে আয়ের সুযোগ পেয়েছেন। বর্তমানে এই প্রতিষ্ঠান দুটি প্রায় ৫০ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আরও ১০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
এ ছাড়া কৃষকদের সেচসংকট নিরসনে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় ২৪টি গভীর নলকূপ স্থাপনে উদ্যোগ নেন তিনি। এলাকার মানুষের চিকিৎসাসেবায় প্রতিষ্ঠা করেছেন ‘ডক্টরস পয়েন্ট অ্যান্ড ডায়াবেটিক সেন্টার’ এবং আর্থিক সেবায় ইসলামী ব্যাংকের দুটি এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনা করছেন। পণ্য পরিবহন ও কুরিয়ার সেবায় তার জনতা ট্রান্সপোর্ট এজেন্সি ও পিএসপি এক্সপ্রেসের মাধ্যমেও বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।
ব্যবসার পাশাপাশি রায়হান পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তিনি ‘গ্রীন লালপুর’ প্রকল্পের সমন্বয়ক, ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) লালপুর উপজেলা কমিটির সভাপতি হিসেবে প্রতিবছর হাজার হাজার বৃক্ষরোপণ ও বিতরণ করে সামাজিক পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখছেন।



