কাজে যোগ দিয়েছেন সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা

বাংলা টিভি ডেস্ক: সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে।
তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের হেমায়েতপুর, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরানিসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়ন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের টহল টিম কাজ করছে।
এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞতানামা শতাধিক আসামি করা হয়েছে। সাভার ও আশুলিয়া থেকে শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কোথা থেকে কতজনকে আটক করা হয়েছে সে ব্যাপারে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশের মিডিয়া সেল।



