এইচএসসিতে ফেল শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু কাল

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ও ফরম পূরণের নিয়মাবলিও তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রকাশ করা হবে। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অনলাইনে পরীক্ষার ফরম পূরণ করতে হবে।
পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে সোনালী সেবার রশিদ সংগ্রহ করতে হবে। ফি জমার রশিদ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ সময় ৮ নভেম্বর।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে পরীক্ষার ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা সক্রিয় হবে। এরপর তালিকা যাচাই করে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে হবে। পাশাপাশি তালিকার প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর থাকতে হবে।
পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত চূড়ান্ত তালিকার একটি প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানকে সংরক্ষণ করতে হবে। একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করতে হবে। এ ক্ষেত্রে ভুল করে অন্য শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হলে তার সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ফি জমা দেওয়ার রশিদ এবং পরীক্ষার্থীদের স্বাক্ষরসংবলিত চূড়ান্ত তালিকার কপি প্রতিষ্ঠানে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠ্যসূচি যেভাবে নির্ধারিত হবে
নিয়মিত পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৬ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসরণ করা হবে। অন্যদিকে, অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী।
সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি
বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি ও কেন্দ্র ফি সম্পর্কেও বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
- তত্ত্বীয় প্রতি পত্র বা বিষয়ের জন্য নিয়মিত ও অনিয়মিত উভয় পরীক্ষার্থীকে ১২৫ টাকা দিতে হবে।
- ব্যবহারিক প্রতি পত্র বা বিষয়ের ফি নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা।
- এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি হিসেবে প্রত্যেক পরীক্ষার্থীকে ৪৫০ টাকা দিতে হবে। এই অর্থ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
তত্ত্বীয় বিষয়ের কেন্দ্র ফি থেকে সংশ্লিষ্ট কলেজ ১০ শতাংশ নিজস্ব খরচের জন্য রাখতে পারবে। অবশিষ্ট ৯০ শতাংশ অর্থ পরীক্ষাকেন্দ্রের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে।
এ ছাড়া বোর্ড অফিস থেকে অব্যবহৃত উত্তরপত্র ও পরীক্ষাসংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের খরচও কেন্দ্র ফি থেকে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা আয়োজনের জন্য কেন্দ্রের যাবতীয় ব্যয় নির্ধারিত কেন্দ্র ফি থেকেই মেটানোর নির্দেশনা দেওয়া হয়েছে।



