বাংলাদেশপ্রধানমন্ত্রী

যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিকে জনগণ অতীতেও পরাজিত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে সেই মহল আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির শোভাযাত্রা শেষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। অতীতে দেশের জনগণ তাদের পরাজিত করেছে। কিন্তু বর্তমানে সেই গোষ্ঠী আবারও ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

এ পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সবার প্রতিজ্ঞা হওয়া উচিত, যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা। তিনি আরও বলেন, যত দিন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ থাকবে, তত দিন এই বিপ্লবের র‌্যালি চলমান থাকবে।

এর আগে দিবসটি উপলক্ষে শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এ সময় শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button