বাংলাদেশ

মহেশপুর সীমান্তে মানব পাচারকারীসহ চারজনকে আটক বিএসএফের

বাংলা টিভি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে অভিযান চালিয়ে এক বাংলাদেশি মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের হালদারপাড়া গ্রামের বিপরীত পাশে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আটক বাংলাদেশির নাম মামুন মন্ডল (২৮)। তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত নবী সদ্দি মন্ডলের ছেলে। তার সঙ্গে আটক হওয়া অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের পর চারজনকে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রা ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ।

৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার ৬১-এর কাছে এ ঘটনা ঘটে। হালদারপাড়া গ্রামের আনুমানিক ৩০ গজ ভারতের ভেতরে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

স্থানীয় সূত্রের বরাতে বিজিবি জানায়, মামুন মন্ডলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মহেশপুর সীমান্ত এলাকায় মানব পাচার ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ভারতীয় দালালদের সঙ্গে যোগাযোগ করে আটক ব্যক্তিদের ভারত থেকে বাংলাদেশে আনার সময় বিএসএফের হাতে তিনি আটক হন বলে জানা গেছে।

এদিকে আটক চারজনের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে শ্রীনাথপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের মাহেন্দ্রা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ৫৮ বিজিবির পক্ষ থেকে চিঠি পাঠানো হলেও বিএসএফের কাছ থেকে এখনো কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

আটক ব্যক্তিদের পরিচয় ও আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিষয়টি জানার পর থেকেই প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে আটক চারজনের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button