বাংলাদেশ

জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

বাংলা টিভি ডেস্ক: জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে বিপাকে পড়েছেন দর্শকেরা। অনুষ্ঠান চলাকালে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘির পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠান দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের আগমন ঘটে। আয়োজকদের ধারণা, পুরো আয়োজনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি বিবেচনায় অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের কয়েক শ সদস্য দায়িত্ব পালন করেন। এত নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও দর্শকদের অতিরিক্ত ভিড়ের সুযোগ নেয় একটি চোর ও পকেটমার চক্র।

অনুষ্ঠান উপভোগে ব্যস্ত দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। তবে অনেকেই অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজেদের ফোন খুঁজতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী সরাসরি থানায় এসে অভিযোগ জানিয়েছেন। তবে সব মিলিয়ে চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টিরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষ হওয়ার পর একাধিক ব্যক্তি থানায় এসে তাদের মোবাইল ফোন চুরির অভিযোগ করেছেন। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button