বিনোদন

পরীমনি বাদ, দাওয়াত পেতে পারেন অপু কিংবা বুবলী

বিনোদন ডেস্ক: চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যানগার্ড ২০২৬’ অনুষ্ঠানের অতিথি তালিকা থেকে অভিনেত্রী পরীমনির নাম বাদ দিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর নগরীর খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। অনুষ্ঠানের মিডিয়া কো-অর্ডিনেটর ও পার্টনার খালেদ সুমন জানান, গণমাধ্যমকর্মীদের অনুরোধ ও প্রতিবাদের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীমনিকে অতিথি তালিকা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে খালেদ সুমন বলেন, ঢাকার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির সাম্প্রতিক ঘটনার আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছিল। তবে সাংবাদিকদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে আয়োজকরা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ইতোমধ্যে বিষয়টি পরীমনিকে জানানো হয়েছে। পাশাপাশি নতুন করে অনুষ্ঠানের পোস্টারও প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, অনুষ্ঠানে একাধিক তারকা শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। পরীমনির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ফ্যাশন ভ্যানগার্ড ২০২৬’-এর পোস্টার শেয়ার করেন পরীমনি। ছবিটির সঙ্গে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পরীমনির সেই পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা আয়োজকদের অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

এদিকে একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পরীমনির পোস্টারটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান না করা হলে আয়োজকদের বিকল্প অতিথি নির্বাচন করা উচিত। পরবর্তী সময়ে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বর্জন ও প্রতিহতের ঘোষণা দেয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান অভিনেত্রী পরীমনি। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে।

পরীমনি ও তার দেহরক্ষীদের দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমনি তার মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে অবশ্য ফোনটি ফেরত দেওয়া হয়।

আদালত চত্বরের ওই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জেরেই শেষ পর্যন্ত চট্টগ্রামের অনুষ্ঠানটির অতিথি তালিকা থেকে পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button