আন্তর্জাতিক

নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসিতে ছেলের পরীক্ষার ফলাফলে খুশি হয়ে ব্যতিক্রমী উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর অর্জন করায় ছেলেকে প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা (২ কোটি ৩০ লাখ রুপি) দামের একটি বিলাসবহুল বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি কিনে দিয়েছেন তিনি।

জানা গেছে, গলসির ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যার ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে সিবিএসই বোর্ডের অধীনে নবম শ্রেণিতে পড়াশোনা করে। ছোটবেলা থেকেই পড়ালেখায় ভালো তালহা ষান্মাসিক পরীক্ষায় অসাধারণ ফলাফল করায় তার দীর্ঘদিনের গাড়ির স্বপ্ন পূরণ করেন বাবা।

সামসুদ্দিন মিদ্যা পেশায় একজন চাল ব্যবসায়ী। গলসিতে তার চারটি রাইস মিল রয়েছে। পাশাপাশি চীন ও ভিয়েতনামেও চাল রপ্তানি করেন তিনি। বিলাসবহুল গাড়ির প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। তার ব্যক্তিগত গ্যারেজে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর ও হুন্ডাই আলকাজারের মতো দামি গাড়ি রয়েছে।

ছেলের ভালো ফলাফলের খবর পাওয়ার পর দেরি না করে মুম্বাই চলে যান সামসুদ্দিন। সেখানকার আন্ধেরির একটি নামকরা শোরুম থেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন মডেলের গাড়িটি কেনেন। পরে বিশেষ কন্টেনার বা ট্রাকে করে সেটি পূর্ব বর্ধমানে নিয়ে আসেন। গত শুক্রবার কচি কলাপাতার মতো আকর্ষণীয় সবুজ রঙের গাড়িটি গলসিতে পৌঁছায়।

গাড়িটির নম্বর প্লেট নিয়েও রয়েছে বিশেষ আয়োজন। নিজের অন্য গাড়িগুলোর মতো নতুন বিএমডব্লিউটির নম্বর প্লেটের শেষ তিনটি সংখ্যাও ‘৫৫৫’ রাখার ব্যবস্থা করেছেন তিনি। এ জন্যও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছেন ব্যবসায়ী বাবা।

তবে তালহার বয়স এখন মাত্র ১৫ বছর। ফলে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আপাতত নিজে গাড়ি চালানোর সুযোগ নেই তার। এ বিষয়ে তালহা জানিয়েছে, সে এখনো নাবালক এবং লাইসেন্স না থাকায় সড়কে গাড়ি চালাবে না। আপাতত পড়াশোনায় মনোযোগী থাকতে চায় সে। তবে সপ্তাহে একদিন বাবার পাশে বসে নতুন গাড়িতে ঘুরে বেড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

ছেলের জন্য এত দামি গাড়ি কেনার কারণ জানতে চাইলে সামসুদ্দিন মিদ্যা বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম।’

ছেলের ভালো ফলাফলে আনন্দিত হয়ে তার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই এমন উপহার দিয়েছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button