আন্তর্জাতিক

কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারে সময় কাটাতে ধর্মীয় ও দর্শনবিষয়ক বিভিন্ন বই পড়ছেন তিনি। পাশাপাশি আধ্যাত্মিকতা নিয়েও আগের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠেছেন মাদুরো। তাঁর কারাজীবন সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর আগ্রহ অবশ্য নতুন নয়। কারাগারে যাওয়ার পরও সেই চর্চা অব্যাহত রেখেছেন তিনি। কারারক্ষী ও চ্যাপলেইনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি একজন খ্রিষ্টান যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

এর আগে বিভিন্ন সময়ে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা প্রকাশ্যে উল্লেখ করেছিলেন মাদুরো। তাঁর দাবি ছিল, গত শতাব্দীর কোনো এক সময়ে ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের সঙ্গে তাঁর পূর্বপুরুষদের সম্পর্ক রয়েছে। তবে তাঁর ঘনিষ্ঠজনদের ভাষ্য, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি বিশেষ কোনো আগ্রহ দেখা যায়নি তাঁর।

ভেনেজুয়েলার দ্রুত সম্প্রসারিত ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতেও অতীতে তৎপর ছিলেন মাদুরো। এ লক্ষ্যে একজন ক্যাথলিক ধর্মীয় নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি। এ ছাড়া মাদুরো, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তাঁর উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন।

বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন মাদুরো। প্রায় ১ হাজার ৩০০ বন্দির ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারের যে অংশে তাঁকে রাখা হয়েছে, সেখানে একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিড, লুইজি মানজিওনে ও সিয়ান কমসের মতো আলোচিত বন্দিরাও ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, কারাগারে দিনের বেশিরভাগ সময় বই পড়েই কাটছে মাদুরোর। বাইবেল ও কুরআনসহ ধর্মীয় এবং দর্শনবিষয়ক নানা বই পড়ছেন তিনি। কারাগারে অবস্থানের সময় তাঁর আধ্যাত্মিক চর্চার আগ্রহও বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারে সহযোগিতাসহ একাধিক অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আগামী বছর বিচার শুরুর কথা রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও।

সংশ্লিষ্ট খবর

Back to top button