আন্তর্জাতিক

বিশ্ব এতিম দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব এতিম শিশু দিবস। প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে শিশুদের মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি এতিমখানায় বসবাসরত শিশুদের পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায়।

এ ছাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যতে স্বাবলম্বী করে তুলতে কারিগরি শিক্ষা, ভাষা শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াও দিবসটির অন্যতম লক্ষ্য।

বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিম ও অসহায় মানুষের দায়িত্ব পালনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তাদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

এদিকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তিতে দেশের বেসরকারি এতিমখানাগুলোর জন্য ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতিম শিশুদের খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে এ অর্থ অনুমোদন করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদিত এ বরাদ্দ দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর জন্য দেওয়া হয়েছে।

বিশ্ব এতিম শিশু দিবস উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ এবং তাদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। শিশুদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকেই তাদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button