বাংলাদেশ

কুষ্টিয়ায় শয়তানের নিঃশ্বাস ছিটিয়ে, ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৬

দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি (ডিজিটাল): কুষ্টিয়া শহরে বাড়িতে একা থাকা এক বৃদ্ধাকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক পদার্থ প্রয়োগ করে অচেতন করার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় আড়াই মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় চুরি যাওয়া ৪৫ দশমিক ৭৮ গ্রাম স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) কুষ্টিয়া মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ওই দিন দুপুরে একটি চক্র বাড়িতে প্রবেশ করে। পরে বাড়িতে থাকা বৃদ্ধার শরীরে চেতনানাশক পদার্থ প্রয়োগ করে তাঁকে অচেতন করা হয়। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে ওয়াসিফ বিল্লাহ কুষ্টিয়া সদর থানায় একটি মামলা করেন। মামলায় নাঈম হোসেন, পারভীনা খাতুন, মো. ইদাদুল, মো. মনিরুল ইসলাম ও সাবিনাসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।

মামলার তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর বিকেলে মেহেরপুরের গাংনী থানার নওদা হোগলবাড়িয়া (শুকুরকান্দি) গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার এজাহারভুক্ত আসামি নাঈম হোসেন, পারভীনা খাতুন ও ইন্তাদুলসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নিজ বাড়ি থেকে রেখা খাতুনকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের সবার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া এলাকায়।

অভিযানে চুরি হওয়া বেশ কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অলংকারের মধ্যে রয়েছে একটি স্বর্ণের হার, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা, এক জোড়া কানের বালা, এক জোড়া কানের টানা, দুটি স্বর্ণের আংটি এবং একটি গলার চেইন। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের ওজন ৪৫ দশমিক ৭৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৮৫ হাজার টাকা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। চেতনানাশক পদার্থ প্রয়োগ করে বৃদ্ধাকে অচেতন করার পর তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকার লুট করা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button