আন্তর্জাতিক

আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মৃত্যুর পর স্বর্গে যাওয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ৮০ বছর বয়সী ট্রাম্পকে মৃত্যু ও জীবনের নশ্বরতা নিয়ে প্রশ্ন করেন সিবিএসের সংবাদদাতা রস ডাউথাত। মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রাম্প বলেন, তিনি আশা করেন মৃত্যুর পর মানুষ তাঁকে স্মরণ করবে।

এ সময় ট্রাম্প নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, তাত্ত্বিকভাবে তাঁর স্বর্গে যাওয়ার কথা। তবে তিনি নরকে যেতে চান না বলেও মন্তব্য করেন।

সাক্ষাৎকারে সাংবাদিক জানতে চান, স্বর্গে যেতে হলে জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষদের ভালোবাসা ও ক্ষমা করতে হবে কি না। জবাবে ট্রাম্প সরাসরি জানান, তাঁদের ক্ষমা করা তাঁর পক্ষে সম্ভব হবে না।

ট্রাম্প বলেন, এ বিষয়ে তাঁর উত্তর নেতিবাচক। তিনি সৎভাবে বলতে চান, নিজের কিছু রাজনৈতিক শত্রুকে তিনি ঘৃণা করেন এবং ভবিষ্যতেও সেই মনোভাব বজায় থাকতে পারে।

সাক্ষাৎকারের অন্য একটি অংশে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য, এ বিষয়ে জানতে চাওয়া প্রশ্নগুলোর মধ্যে এটি অন্যতম। হোয়াইট হাউসে দায়িত্ব পালনের প্রথম ও দ্বিতীয় মেয়াদে কয়েকজন বিমানবাহিনীর পাইলটের সঙ্গে তাঁর সাক্ষাতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ট্রাম্প জানান, ওই পাইলটরা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। তাঁদের কেউ ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী বলেও তাঁর মনে হয়নি। তবে ইউএফও নিয়ে তাঁদের কিছু অস্বাভাবিক অভিজ্ঞতার কথা শুনেছেন তিনি।

পাইলটদের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প তাঁদের পেশাদারত্ব, শারীরিক গঠন ও ব্যক্তিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, পাইলটরা তাঁকে এমন কিছু ঘটনা জানিয়েছেন, যা তাঁর কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট খবর

Back to top button