আন্তর্জাতিকইন্ডিয়াযুক্তরাষ্ট্র

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে পোস্ট প্রকাশের ব্যবস্থা করতে একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত সরকার। মোদি ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে তাঁকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়ার। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফ্যারা) আওতায় জমা দেওয়া নথি থেকে বিষয়টি সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটির সঙ্গে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারত। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা। এ ছাড়া ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে কাজ করেছেন।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টের আয়োজনও করেছিল প্রতিষ্ঠানটি। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প।

এদিকে ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি প্রতিষ্ঠানও ভারত সরকারের হয়ে কাজ করেছে। গত মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি।

ফ্যারার নথিতে এসব উদ্যোগকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যেই ফোনালাপগুলোর আয়োজন করা হয়েছিল বলে নথিতে জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিলে ভারত সরকার জেসন মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন মিলারের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলারের বিনিময়ে চুক্তিটি হয়েছিল।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি মার্কিন প্রশাসন, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং থিঙ্কট্যাঙ্কের সঙ্গে নীতিগত বিষয়ে যোগাযোগ ও কৌশলগত পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করত।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে রাজনৈতিক ও জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনাকারী এজেন্টদের নিয়মিতভাবে তাঁদের কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য জমা দিতে হয়।

নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের আগে গত মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠানটি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।

অন্যদিকে, জুন মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউংয়ের কথোপকথনের ব্যবস্থাও করে প্রতিষ্ঠানটি।

সূত্র: দ্য ওয়ার

সংশ্লিষ্ট খবর

Back to top button