আন্তর্জাতিক

বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসীকে

আন্তর্জাতিক ডেস্ক: অনিয়মিত অভিবাসনের অভিযোগে বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জন নাগরিককে বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসান রয়েছেন। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত জুনে প্রকাশিত একটি ভিডিওতে হাসানকে নাফপ্লিও শহরে কাজের সুযোগের কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি দাবি করেন, যাদের বৈধ কাগজপত্র নেই, তারাও সেখানে যেতে পারবেন এবং দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে বের করতে পারবে না।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিসের কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ তদন্তের মাধ্যমে হাসানকে শনাক্ত করে। এর ধারাবাহিকতায় তার পূর্বের রেসিডেন্স পারমিট বাতিল করা হয়। পাশাপাশি দেশটিতে আশ্রয়ের জন্য করা আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা মো. হাসান প্রায় চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ভিডিও প্রকাশের পর দেশটির অভিবাসন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিসের অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন নাগরিককে নিয়ে বিশেষ চার্টার ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন কার্যকর করার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, হাসানের ঘটনাকে কেন্দ্র করে গ্রিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। প্রবাসীদের একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশ এবং সেখানে অবস্থানের সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন।

তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে গ্রিসে বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসীদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে এবং পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button