নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার

বাংলা টিভি ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। তবে এই মিলই এখন তার জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হাসি-ঠাট্টার পাশাপাশি তার দোকান বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ৯ সেকেন্ডের একটি ভিডিও।
ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী নিজের মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার অস্বাভাবিক মিল দেখে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।
আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যবসায়ীকে নিয়ে মজা করতে শুরু করেন। কেউ কেউ তার দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন। আবার রসিকতা করে অনেকে জানান, তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান।
তবে বিষয়টি কেবল হাসি-ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ওই ব্যবসায়ীর ওপরও। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন।
এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থেকেও কেবল চেহারার মিলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন তেহরানের এই ব্যবসায়ী। আকস্মিক ভাইরাল হওয়া যেমন তাকে আলোচনায় এনেছে, তেমনি তার স্বাভাবিক ব্যবসা পরিচালনাও কঠিন করে তুলেছে।



