২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুফতি তাকি উসমানি

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ সফরকালে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন সেখানে মুসল্লিদের উদ্দেশে বয়ান দেওয়ারও কথা রয়েছে তার। দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তার স্বাক্ষরিত কর্মসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, মুফতি তাকি উসমানি ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি। ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলন এবং ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে।
এছাড়া ২৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলন, ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলন এবং ২৭ নভেম্বর বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরের শেষ দিনে ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি দেওয়ার কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।



