জাতীয়

নুসরাতের বাড়িতে আগুন, শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার সম্ভাবনা পাওয়া গেছে বলে জানান তিনি। তবে ঘটনাটি নাশকতা কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত রাতে অর্থাৎ ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেডের আধাপাকা বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগলসহ কিছু মালামাল ছিল। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা ভবনে থাকেন নুসরাতের বাবা-মা।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকালে তিনি নিজেও পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠান। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির একটি দলও সেখানে যায়। ৯৯৯-এ খবর পাওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এনে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার কারণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন লেগেছে, না লাগিয়েছে- এটা তদন্তের নির্দেশ দিয়েছি যৌথ টিমকে। পরিত্যক্ত হলেও এটা সংসদ সদস্যের বাড়ি। বিজিবির রিপোর্টে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো শব্দ পাওয়া যায়নি, পেট্রোল বোমার কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি। পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেকট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল, অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমান, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।

তিনি আরও জানান, বাড়িতে জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড়চোপড় ছিল। আগুনে দুটি ছাগল মারা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়ালের অবস্থা, অডিও ও ভিডিওসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক সংযোগে দুর্বলতা ছিল। একটি ছবিতে শর্ট সার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ তথ্য জানানো যাবে।

নাশকতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকলে অধিকতর তদন্তের মাধ্যমে তা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ইতিমধ্যে দৌলতপুর থানায় ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ওই জিডির ভিত্তিতে তদন্ত করছে।

এর আগে সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, কোনো সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা সবার জন্যই উদ্বেগের বিষয়। যত দ্রুত সম্ভব ঘটনাটি তদন্ত করে সংসদে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। বিষয়টি জানা থাকলে তাৎক্ষণিকভাবে বক্তব্য দেওয়ার আহ্বানও জানান স্পিকার।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে প্রস্তুতি নিয়েই সংসদে এসেছেন এবং অনুমতি পেলে বক্তব্য দিতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button