পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, লুট ৩১ ভরি সোনাসহ ৬ লাখ টাকা

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোররাতে পাঁচ থেকে সাতজনের একটি ডাকাত দল কৌশলে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন। বাড়িতে ঢুকেই তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলেন এবং অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে তছনছ করেন।
এ সময় ডাকাতরা মোয়াজ্জেম হোসেন মন্ডলের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি সোনা, ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা এবং গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকাসহ মোট ৩১ ভরি সোনা ও ৬ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যান। সশস্ত্র ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনই নিশ্চিত করা সম্ভব নয়।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা মিলেছে। তবে লুট হওয়া সোনার পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি সোনা ও ৬ লাখ টাকা লুটের কথা জানা গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করবে।



