গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণল চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোন সরকারের মতো বেপরোয়া হতে পারে না।’
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিলো? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিলো।’
রাশেদ আরও বলেন, ‘গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলি ভূমিকা গ্রহণের বিকল্প নেই।’



