বাংলাদেশ

‘আগুনে ভেঙেছে ছাদ ভাঙেনি সংসার’ সেই ছবিই পেল আন্তর্জাতিক পুরষ্কার!

বাংলা টিভি ডেস্ক: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোঁজার ঠাঁই। মাথার ওপর নেই কোনো ছাদ, নেই পরনের সামান্য সম্বলটুকুও। তবে চারদিকে পোড়া টিন আর ছাইয়ের স্তূপের মাঝেও হাত ধরাধরি করে একাসনে শুয়ে আছে একটি পরিবার। চরম বিপর্যয়ের মুখেও মানুষের টিকে থাকার এই অদম্য জেদ আর অটুট পারিবারিক বন্ধনই এখন বিশ্বমঞ্চে সমাদৃত।

২০২৫ সালে ঢাকার কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে তোলা একটি ড্রোনচিত্রের জন্য দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম ‘হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ (HIPA বা হিপা)-এর মর্যাদাপূর্ণ ‘গ্র্যান্ড প্রাইজ’ অর্জন করেছেন বাংলাদেশি চিত্রগ্রাহক ও ব্যাংককর্মী পিনু রহমান।

ইতিহাস গড়ে তিনিই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শীর্ষ এই পুরস্কারটি অর্জন করলেন।

ধ্বংসস্তূপে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর গল্প
চলতি বছরের ১০ নভেম্বর দুবাইয়ের বিখ্যাত ‘মিউজিয়াম অব দ্য ফিউচার’-এ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় পিনু রহমানের তোলা সেই ছবি—যার শিরোনাম ‘আন্ডার দ্য সেম স্কাই’ বা ‘একই আকাশের নীচে’।

প্রতি বছর ‘হিপা’ তাদের প্রতিযোগিতার জন্য একটি নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করে। এ বছর প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিবার’। কড়াইল বস্তির ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের পর ড্রোন দিয়ে ধারণ করা ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে সেই থিমকেই।

ছবিটিতে দেখা যায়, অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর খোলা আকাশের নিচে পোড়া টিনের চালের ওপর পরম যত্নে একসঙ্গে ঘুমিয়ে রয়েছে একটি পরিবারের পাঁচ সদস্য। তাদের মাথার ওপর ছাদ না থাকলেও একে অপরের সান্নিধ্যই তাদের সবচেয়ে বড় শক্তি।

যা বললেন চিত্রগ্রাহক
আন্তর্জাতিক এই স্বীকৃতির পর গণমাধ্যমকে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে পিনু রহমান বলেন, “এক পর্যায়ে আমার কড়াইল বস্তির সেই ছবিটির কথা মনে পড়ল। আগুনে তাঁদের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার পরেও, একটি পরিবারের পাঁচজন সদস্য একসঙ্গে ঘুমোচ্ছিলেন। তাঁদের কোনো আশ্রয় বা সম্পত্তি ছিল না, তবুও তাঁরা একসঙ্গেই ছিলেন। দুর্যোগের মুখেও পারিবারিক বন্ধনই ছিল ছবিটির সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও যোগ করেন, “প্রতি বছরই কোথাও না কোথাও এমন মর্মান্তিক ঘটনা ঘটে। তবুও মানুষ উঠে দাঁড়ান এবং তাঁদের জীবন পুনর্গঠন করার চেষ্টা করেন। আমি ছবিটিতে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা মানুষের সংগ্রামও দেখেছি।”

বিশ্বমঞ্চে বাংলাদেশের মুকুট
পেশায় একজন ব্যাংকার হলেও শখেরবশে ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন পিনু রহমান। এর আগেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি এর আগে মর্যাদাপূর্ণ ‘সনি ওয়ার্ল্ড ফোটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ এবং ‘সিয়েনা ক্রিয়েটিভ ফোটো অ্যাওয়ার্ডস’-এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন শাখায় স্বীকৃতি অর্জন করেছেন।

তবে এবারের ‘হিপা’র গ্র্যান্ড প্রাইজ জয় বাংলাদেশের ফটোগ্রাফি ইতিহাসে এক নতুন মাইলফলক যোগ করল। চরম বিপর্যয়ের মাঝেও মানুষের বেঁচে থাকার লড়াই আর ভালোবাসার এই চিত্র এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button