নদ পরিষ্কারে নেমে পড়লেন নারী চিকিৎসক, পাশে শতাধিক তরুণ

বাংলা টিভি ডেস্ক: যশোরের ভৈরব নদে আবার স্বচ্ছ পানিতে আকাশের ছায়া দেখতে চান তরুণ চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষা। তার চাওয়া, জোছনা রাতে নদীর পানিতে ফুটে উঠুক চাঁদের প্রতিবিম্ব। সেই স্বপ্ন বাস্তবায়নে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানান তিনি। তার ডাকে সাড়া দিয়ে নদে নেমেছেন শতাধিক তরুণ-তরুণী। স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কাজ। তাদের উদ্যোগে দড়াটানা সেতুর পূর্ব পাশের একটি অংশ অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে শুধু কচুরিপানা সরিয়ে নয়, নদদূষণ বন্ধ ও স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের স্থায়ী উদ্যোগ চান তারা।
গত ৯ নভেম্বর থেকে যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদ পরিষ্কারের এ কার্যক্রম শুরু হয়। চিকিৎসক ঊষার আহ্বানে প্রথমে অর্ধশতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেন। পরে বিভিন্ন সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও যুক্ত হন। স্বেচ্ছাসেবীদের এ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
একসময় যশোর শহরের প্রাণ হিসেবে পরিচিত ভৈরব নদ এখন কচুরিপানা, আবর্জনা ও দূষণে বিপর্যস্ত। নদে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। অভিযোগ রয়েছে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্য সরাসরি নদে ফেলা হচ্ছে।
ভৈরবের এমন দুরবস্থা বদলাতে গত সপ্তাহে পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেন ঊষা। নিজের ফেসবুক পেজে নদকে কচুরিপানামুক্ত করতে সবার সহযোগিতা চান তিনি। আহ্বান জানানোর পাশাপাশি নিজেই একদিন নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তার উদ্যোগে যুক্ত হন আরও অনেকে।
শুক্রবার ভৈরব নদের দড়াটানা সেতুর পূর্ব পাশে গিয়ে দেখা যায়, আগে যেখানে কচুরিপানা ও আবর্জনায় পানি প্রায় ঢেকে ছিল, সেখানে এখন অনেকটাই পরিষ্কার। তবে কচুরিপানা সরানো হলেও পানির রং কালো এবং দুর্গন্ধ রয়ে গেছে। পানিতে প্লাস্টিকের বোতলের পাশাপাশি চিকিৎসাবর্জ্যও দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, নদে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং আশপাশের প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ফেলা বন্ধ না হলে ভৈরবের প্রাণ ফিরবে না।
অভিযানে অংশ নেয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে এই নদীর পানিতে। তার পরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে তিনি এই উদ্যোগে যুক্ত হয়েছেন। ওয়াফ ফাউন্ডেশনের ব্যানারে প্রায় ১০০ স্বেচ্ছাসেবী নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেছেন। তাদের সঙ্গে প্রতিদিন বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যোগ দিচ্ছেন।’
শুক্রবার অভিযানে যুক্ত হন যশোরস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফোরামের সদস্যরাও। ফোরামের সদস্য ও ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর বলেন, ‘সাধারণ জনগণকে তো এভাবে কচুরিপানা পরিষ্কার করতে হওয়ার কথা নয়। স্থানীয় প্রশাসনের দায়সারা ভাবের কারণে নদের আজ এই অবস্থা। ডা. ঊষার একার উদ্যোগ দেখে বাড়িতে থাকতে পারিনি। আজ ছুটির দিনে আমরা রাবি ফোরামের সদস্যরাও তার সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছি।’
যশোর শহরের ঘোপ ও বারান্দিপাড়া এলাকায় বেড়ে ওঠা সাদিয়া মনোয়ারা ঊষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন তিনি।
নিজের শহরের নদটির এমন দুরবস্থা তাকে ব্যথিত করে। তাই কর্মস্থলের ব্যস্ততার মধ্যেও প্রতিদিন সকালে নদে নেমে কচুরিপানা পরিষ্কারে অংশ নিচ্ছেন।
ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। কিন্তু শহরের প্রাণ ভৈরব নদ এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদীর দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কচুরিপানা নাড়ানোর মাধ্যমে পুরো শহরের মানুষের বিবেকে নাড়া দিতে চেয়েছি। শুরুটা হয়েছে একটি সুন্দর স্বপ্ন থেকে। ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদ। আমার এই স্বপ্ন এখন আর একার নয়; তাতে শামিল হয়েছেন অনেক মানুষ। তবে এই পথ অনেক কঠিন। চিকিৎসক হিসেবে রোগীকে সুস্থ করার চেষ্টা যেমন ছাড়ি না, তেমনি ভৈরবকে বাঁচানোর আশাও ছাড়ছি না। এ জন্য নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা জরুরি।’



