বাংলাদেশ

কাফনের কাপড়-আতর পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতিকে হত্যার হুমকি দিয়ে চিঠি

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদারের বাড়ির পাশে রহস্যজনকভাবে একটি বাক্স রেখে যায় দুর্বৃত্তরা। বাক্সটির ভেতরে পাওয়া যায় কাফনের কাপড়, আতর, লোবান ও প্রাণনাশের হুমকি সংবলিত একটি চিরকুট।

গত সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে পরিবারের সদস্যদের দাবি।

চিরকুটে বাকেরকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর পুরো এলাকা জ্বালিয়ে দেওয়ার ভয়ভীতিও প্রদর্শন করা হয়েছে।

ঘটনার পর বরুড়া উপজেলা এনসিপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে আবু বাকের মজুমদার ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আবু বাকেরের পরিবারের পক্ষ থেকে বাক্সটির ছবি ও ভিডিও থানার ওসিকে পাঠানো হলেও এখনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

রাজনৈতিক মতপার্থক্য কিংবা ভিন্নমত প্রকাশের কারণে কাউকে হত্যার হুমকি দেওয়া বা তাঁর পরিবারকে আতঙ্কিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button