বিনোদন

নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে না থামানো, ভারতে বেড়েই চলেছে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা

বিনোদন ডেস্ক: রাজনৈতিক বৈরিতা ও সাংস্কৃতিক বিধিনিষেধের মধ্যেও ভারতে পাকিস্তানি নাটক, সিরিজ ও বিনোদনমূলক কনটেন্টের জনপ্রিয়তা কমছে না। বরং দেশটির তরুণ প্রজন্মের মধ্যে পাকিস্তানি তারকাদের অভিনয়, সংগীত ও টেলিভিশন কনটেন্টের প্রতি আগ্রহ বাড়ছে। সম্প্রতি দুটি পাকিস্তানি নাটককে ঘিরে ভারতে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদনজগতের জনপ্রিয়তা রয়েছে। আশির দশকে পাকিস্তানি টেলিভিশনের স্টেজ ড্রামা থেকে শুরু হওয়া এই আগ্রহ পরবর্তী সময়ে নাটক, সিরিয়াল ও ইউটিউব কনটেন্ট পর্যন্ত বিস্তৃত হয়েছে। বর্তমানে ভারতের জেন-জি প্রজন্মের মধ্যেও পাকিস্তানি নাটক ও উর্দু ভাষার কনটেন্টের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে।

তবে ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা নিহত হওয়ার পর ভারতজুড়ে পাকিস্তানবিরোধী মনোভাব তীব্র হয়। এর প্রভাব পড়ে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কেও। পাকিস্তানি শিল্পীদের কাজ বয়কট এবং তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের দাবিও ওঠে।

এমন পরিস্থিতিতেও ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের দর্শকপ্রিয়তা অব্যাহত রয়েছে। সম্প্রতি নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ এবং এআরওয়াই ডিজিটালের নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ঘিরে আপত্তি

পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ হিসেবে আলোচনায় এসেছে ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’। এতে অভিনয় করেছেন আহাদ রাজা মীর, ইকরা আজিজ, ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমির, হামজা আলী আব্বাসী, মায়া আলী, বিলাল আশরাফ ও খুশহাল খানসহ দেশটির জনপ্রিয় তারকারা।

সিরিজটির পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

তবে ভারতে সিরিজটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। নেটফ্লিক্স মেনা, নেটফ্লিক্স ইউকে ও নেটফ্লিক্স গোল্ডেন থেকে ইতোমধ্যে সিরিজটির পোস্টার ও অভিনয়শিল্পীদের পরিচিতি প্রকাশ করা হয়েছে।

এদিকে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে দেশটিতে সিরিজটির সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে।

সংগঠনটি ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার বিষয়টিও সামনে এনেছে। ওই নির্দেশনায় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সেগুলোর প্রচার বন্ধের কথা বলা হয়েছিল বলে সংগঠনটির দাবি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল ব্যবহারকারী পাকিস্তানি বিনোদনশিল্পকে আর্থিকভাবে সহযোগিতা না করার পক্ষে মত দিয়েছেন। তাদের যুক্তি, ভারতীয় দর্শকদের কাছ থেকে আয় হলে পাকিস্তানের বিনোদনশিল্প উপকৃত হবে।

অন্যদিকে অনেক দর্শক মনে করছেন, রাজনৈতিক বিরোধের কারণে শিল্প ও বিনোদনকে পুরোপুরি আলাদা করে দেখা বন্ধ করা উচিত নয়। বয়কটের আহ্বান সত্ত্বেও দর্শকদের একটি অংশ সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।

সিরিজটির কয়েকজন অভিনয়শিল্পীর ভারতবিরোধী মন্তব্যের অভিযোগও বিতর্ককে আরও উসকে দিয়েছে। বিশেষ করে ফাওয়াদ খান ও মাহিরা খানের বক্তব্য নিয়ে ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে।

দিল্লির ক্যাফেতে পাকিস্তানি নাটকের পেইড ওয়াচ পার্টি

অন্যদিকে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে দিল্লির একটি ক্যাফেতে আয়োজিত বিশেষ প্রদর্শনী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শেহরিয়ার মুনাওয়ার, দুরেফিশান সেলিম ও নামির নাওয়াজ খান অভিনীত নাটকটি পাকিস্তানের এআরওয়াই ডিজিটালে প্রচারিত হয়েছে। পাশাপাশি ইউটিউবেও এটি পাওয়া যাচ্ছে।

ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট নিয়ে বিধিনিষেধ ও বিতর্ক চলার মধ্যেই দিল্লির একটি ক্যাফেতে নাটকটির ভক্তদের উদ্যোগে অর্থের বিনিময়ে বিশেষ ওয়াচ পার্টির আয়োজন করা হয়। সেখানে নাটকটির পরিচালক সাকিব খানের সঙ্গে ভার্চ্যুয়াল প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এই আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। একদল দর্শক এমন আয়োজনকে পাকিস্তানি বিনোদনশিল্পের প্রতি ভারতীয়দের আগ্রহের প্রমাণ হিসেবে দেখছেন।

অন্যদিকে সমালোচকদের একটি অংশের দাবি, দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের আয়োজন গ্রহণযোগ্য নয়। কেউ কেউ পাকিস্তানি সব ধরনের বিনোদনমূলক কনটেন্ট নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।

রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিনোদনে আগ্রহ

নেটফ্লিক্সের নতুন সিরিজ নিয়ে বিতর্ক এবং দিল্লিতে ‘দার-ই-নিজাত’-এর বিশেষ প্রদর্শনী—দুটি ঘটনাই ভারতীয় দর্শকদের মধ্যে পাকিস্তানি বিনোদন কনটেন্টের উপস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

একদিকে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তানি শিল্পীদের কাজ বয়কটের দাবি উঠছে, অন্যদিকে দর্শকদের একটি অংশ নিয়মিত এসব নাটক ও সিরিজ উপভোগ করছেন।

সব মিলিয়ে রাজনৈতিক বিরোধ, রাষ্ট্রীয় বিধিনিষেধ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনার মধ্যেও পাকিস্তানি বিনোদনজগতের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button