চট্টগ্রামের হালিশহরে ৯ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে মো. ফাইয়েজ আহান ফারাজ (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হালিশহর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের মোড় থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ ফারাজের বাবা মোহাম্মদ মহিউদ্দিন ফয়সাল এবং মা রুনা আকতার। তারা নগরীর আগ্রাবাদ ডেবার পাড়ের পশ্চিম মাদারবাড়ি পানির ট্যাংকিসংলগ্ন আব্দুল কাদের সওদাগরের বাসায় বসবাস করেন।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কর্ণফুলী আবাসিক এলাকার ১ নম্বর সড়কের মোড় থেকে হঠাৎ নিখোঁজ হয় ফারাজ। এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শিশুটির মা রুনা আকতার হালিশহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১৪৭৯ এবং ট্র্যাকিং নম্বর SJ1QV1।
জিডির তথ্যমতে, নিখোঁজ শিশুটির বয়স আনুমানিক ৯ বছর। তার গায়ের রং উজ্জ্বল, চুল ছোট এবং নাক খাটো। শরীরের ওপরের বাম পাশে একটি আঁচিল রয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের একাধিক দল শিশুটির সন্ধানে কাজ করছে।
এদিকে নিখোঁজ ফারাজের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। শিশুটির সন্ধান পাওয়া গেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর:
- মা: ০১৮২১-৩৩৯০৯২
- বাবা: ০১৭৪৬-৪৫৫৫৮৮
- বিকল্প: ০১৯৩২-৮৬৯৭৩০
শিশুটিকে কোথাও দেখতে পেলে বা কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।



