বাংলাদেশ

দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

বাংলা টিভি ডেস্ক: নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিকে আরও সহজ ও সুবিধাজনক করতে বাংলাদেশে প্রথমবারের মতো বাজারে এসেছে নিজে প্রয়োগ করা যায় এমন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নতুন এই ইনজেকশনটি বাজারে এনেছে।

নতুন এই পদ্ধতির বিশেষত্ব হলো, প্রচলিত জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মতো স্বাস্থ্যকর্মীর সহায়তা নিতে হবে না। নির্ধারিত নিয়ম অনুসরণ করে নারীরা নিজেরাই শরীরে ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘মেডোজেন সাবকিউ’ বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রতি ডোজে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে এটি বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। পাশাপাশি ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের প্রথম স্ব-প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এটি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ বা প্রায় তিন মাস পরপর একবার এই ইনজেকশন নিতে হয়। ফলে প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন কিংবা ঘনঘন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন কমবে। এতে নারীরা নিজেদের সুবিধা অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

প্রতি ডোজ ইনজেকশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। কোম্পানির দাবি, প্রতিদিন সেবনযোগ্য জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে ব্যয় ৫ দশমিক ৫২ গুণ কম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী।

তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে নারীর ব্যক্তিগত চাহিদা ও পছন্দকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। নারীরা সাধারণত এমন পদ্ধতি পছন্দ করেন, যা কার্যকর হওয়ার পাশাপাশি গোপনীয়তা বজায় রাখে, ব্যবহার করা সহজ এবং প্রয়োজন অনুযায়ী বন্ধ করার সুযোগ থাকে। একই সঙ্গে নিজেরাই প্রয়োগ করতে পারার বিষয়টিও তাদের কাছে গুরুত্বপূর্ণ।

নতুন এই ইনজেকশন বাজারে আসায় দেশে নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে আরও একটি বিকল্প যুক্ত হলো।

সংশ্লিষ্ট খবর

Back to top button