গোপালগঞ্জে আপাতত চালু হচ্ছে না ট্রেন-দুই থানা, স্থগিত সরকারি বরাদ্দও

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা রেল যোগাযোগ এবং পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম আপাতত চালুর কোনো সিদ্ধান্ত নেই সরকারের। নিরাপত্তাঝুঁকি ও নতুন করে নাশকতার আশঙ্কায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা সরকারি অর্থের তৃতীয় কিস্তিও আপাতত ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে জেলার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে সরকার সম্মতি দিচ্ছে না।
অন্যদিকে, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও নিজস্ব ভবনে ফিরতে আরও সময় লাগবে। বর্তমানে থানা দুটির পুলিশ সদস্যরা গোপালগঞ্জ সদর থানা থেকে দায়িত্ব পালন করছেন। স্থানীয়দের পক্ষ থেকে দ্রুত থানা চালুর দাবি উঠলেও ভবন সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী জানান, ট্রেন চলাচল চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বাধীন। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা গোপালগঞ্জেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরও জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কার্যক্রম চালু করতে আরও সময় প্রয়োজন হবে। একইভাবে ট্রেন চলাচল পুনরায় শুরু হতেও সময় লাগতে পারে।
স্থগিত থাকছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি অর্থ বরাদ্দের তৃতীয় কিস্তি আপাতত ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ রয়েছে।
সাধারণত এসব প্রতিষ্ঠানে বছরে চার ধাপে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ আপাতত স্থগিত থাকবে। এতে জেলার স্থানীয় উন্নয়ন প্রকল্প ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
১৫ নভেম্বরের সহিংসতার পর বন্ধ রেল যোগাযোগ
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্সে ভাঙচুর এবং জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং দুটি থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
এর পর থেকেই গোপালগঞ্জের সঙ্গে অন্যান্য জেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী সময়ে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়।
থানা দুটির কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের পুলিশি সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা সংক্রান্ত কাজে সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকে।
এ পরিস্থিতির মধ্যেই ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।
আপাতত বলপ্রয়োগ না করার অবস্থানে সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মসূচি ঘিরে সরকার বলপ্রয়োগ না করার অবস্থানে রয়েছে। এমনকি মারণাস্ত্র ব্যবহার না করার বিষয়েও সরকারের অবস্থান রয়েছে বলে জানান তিনি।
ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে সড়ক অবরোধ, গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও এ বিষয়ে সরকারের অবস্থানের পরিবর্তন হবে না।
প্রতিদিন চলাচল করত পাঁচটি ট্রেন
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, অভিযাত্রী কমিউটার, রূপসী বাংলা, জাহানাবাদ এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস উল্লেখযোগ্য।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস প্রতিদিন সকালে গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত। অভিযাত্রী কমিউটার ঢাকা-গোপালগঞ্জ রুটে চলাচল করত। রূপসী বাংলা ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোল এবং জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা পর্যন্ত যাতায়াত করত। অন্যদিকে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত চলাচল করত।
১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ থাকায় নিয়মিত যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের বিকল্প হিসেবে বাসের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি থাকায় নতুন করে সংঘাত, হামলা ও ভাঙচুরের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গোপালগঞ্জে রেল যোগাযোগ এবং ক্ষতিগ্রস্ত দুই থানার কার্যক্রম চালুর সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো



