বাংলাদেশপ্রধানমন্ত্রী

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতেই বাইসাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত কয়েকটি বাইসাইকেল নিজেই চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে এসব বাইসাইকেলের নমুনা সচিবালয়ে প্রদর্শন করা হয়। বাইসাইকেলগুলোর মান, গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই সেগুলো চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন ধরনের বাইসাইকেল উপস্থাপন করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে।

প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো, যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনকালে বিশেষ ধরনের সামরিক যান এটিভি চালিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর এক দিন পর এবার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাইসাইকেল নিজে চালিয়ে পরীক্ষা করলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button