মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক

বাংলা টিভি ডেস্ক: গাজীপুরের ভোগড়ায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তবে মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে পুলিশ। ওই নারী শ্রমিক জীবিত ও সুস্থ রয়েছেন। এমনকি নিজেই থানায় উপস্থিত হয়ে নিজের শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় যান ওই শ্রমিক দিলরুবা আক্তার মিলি। এর আগে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে বিক্ষোভ করেন।
মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত জানানো হয়।
থানায় উপস্থিত হয়ে দিলরুবা আক্তার মিলি বলেন, তিনি ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের একজন সুইং অপারেটর। তাঁর কার্ড নম্বর ৭৩৮৮। মঙ্গলবার দুপুরে মধ্যাহ্ন বিরতির পর কর্মস্থলে ফেরার পথে কয়েকজন বহিরাগত ব্যক্তি তাঁর ওপর হামলা চালান।
তিনি জানান, হামলার সময় নিজেকে গর্ভবতী বলে পরিচয় দিয়ে ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও হামলাকারীরা তাঁকে ছাড়েননি। একপর্যায়ে তাঁর হাতে টান দেন এবং কারখানার পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে যান। পরে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় ফিরছিলেন দিলরুবা ও অন্য শ্রমিকরা। এ সময় কারখানার সামনে কয়েকজন বহিরাগত তাদের প্রবেশে বাধা দেন। বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে গর্ভবতী নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি আঘাত পান।
পরে উপস্থিত ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে দুপুরের ঘটনার পর কারখানার এক গর্ভবতী নারী শ্রমিক মারা গেছেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এ খবরের ভিত্তিতে সন্ধ্যায় কারখানার সামনে বিপুলসংখ্যক শ্রমিক ও স্থানীয় বাসিন্দা বিক্ষোভে অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই শুরু করে। একপর্যায়ে দিলরুবা নিজেই থানায় উপস্থিত হয়ে তাঁর সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন এবং দুপুরে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া এবং মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।



