বাংলাদেশ

গরুর নলি কিনে বাড়ি গিয়ে দেখেন ভেতরে এক্সট্রা চর্বি দিয়ে ভরা, মাংস নিয়ে আদালতে নারী

বাংলা টিভি ডেস্ক: পরিবারের সদস্যদের জন্য শখ করে গরুর নলি রান্না করতে চেয়েছিলেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। সে উদ্দেশ্যে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন তিনি। কিন্তু বাসায় ফিরে নলি কাটতেই দেখা যায়, ভেতরে মাংসের পরিবর্তে ভরা রয়েছে চর্বি। এ ঘটনায় দোকানির কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো হুমকি পাওয়ার অভিযোগ করেছেন তিনি। পরে কেনা মাংস ও নলির নমুনা নিয়ে হাজির হন ঢাকা আদালতপাড়ায়।

বুধবার দুপুর ২টার পর থেকে আদালত চত্বরে কেনা পণ্যের নমুনা হাতে নিয়ে বিভিন্নজনের কাছে অভিযোগ তুলে ধরতে দেখা যায় লাইলী বেগমকে। তার হাতে থাকা সবুজ পলিথিনে সংরক্ষিত ছিল মাংস ও নলির দুটি অংশ। এর মধ্যে একটি আসল এবং অন্যটিতে কৃত্রিমভাবে চর্বি ভরে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

লাইলী বেগম জানান, তিনি প্রতি কেজি ৮০০ টাকা দরে গরুর মাংস এবং ৫৫০ টাকায় এক কেজি নলি কিনেছিলেন। কিন্তু বাড়িতে গিয়ে নলি কাটার পর এর ভেতরে বিপুল পরিমাণ চর্বি দেখতে পান। তার দাবি, নলির ভেতরে প্রায় এক কেজির কাছাকাছি চর্বি পাওয়া গেছে।

এ বিষয়ে তিনি বলেন, একটি নলি আসল, অন্যটিতে চর্বি ভরে দেওয়া হয়েছে। মাংসের আশায় নলি কিনলেও ভেতরে প্রায় পুরোটাই চর্বি পাওয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনাটি বুঝতে পেরে কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই দোকানির কাছে ফিরে যান লাইলী বেগম। এ সময় পণ্য পরিবর্তন অথবা সম্পূর্ণ টাকা ফেরত চান তিনি। তবে তার অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। উল্টো ৫৫০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।

লাইলী বেগমের দাবি, এ প্রস্তাবে রাজি না হয়ে তিনি পণ্য বদলে দেওয়া অথবা সম্পূর্ণ টাকা ফেরতের কথা বলেন। বিষয়টি সাংবাদিক ও পুলিশকে জানানোর কথা বললে দোকানির পক্ষ থেকে ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়া হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য পাওয়া যায়নি।

আদালতপাড়ায় আসার কারণ জানিয়ে লাইলী বেগম বলেন, তার উদ্দেশ্য শুধু নিজের টাকা ফেরত পাওয়া নয়, বরং এ ধরনের প্রতারণার বিরুদ্ধে মানুষকে সচেতন করা। তার মতে, আর্থিকভাবে অসচ্ছল ক্রেতারা এ ধরনের প্রতারণার শিকার হলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন। তাই ঘটনার যথাযথ প্রতিকার হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নিজের অভিযোগের প্রমাণ রাখতে এবং বিষয়টি সবার সামনে তুলে ধরতেই তিনি আদালত এলাকায় এসেছেন। এ ঘটনায় থানায় অভিযোগ করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম বলেন, প্রতারণার পরিমাণ কম হোক বা বেশি, তা আইনত অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার মাধ্যমে কাউকে অর্থ বা সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ভুক্তভোগী চাইলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেও মামলা করতে পারেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, লাইলী বেগম এ ঘটনায় অভিযোগ জানাতে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় গেছেন। তবে তার অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button