Uncategorized

নদী রক্ষায় ১৭ দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের স্মারকলিপি

বাংলা টিভি ডেস্ক: নদী দখল ও দূষণ বন্ধসহ দেশের নদ-নদী, খাল-বিল ও জলাধার রক্ষায় ১৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, ঢাকা মহানগর শাখা। একই সঙ্গে নদী ও পরিবেশ সংরক্ষণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসব দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। ঢাকার জেলা প্রশাসক মিসেস ফরিদা খানমের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন সংগঠনের নেতারা।

এতে নদী দখল ও দূষণ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী খনন, হারিয়ে যাওয়া জলাধার পুনরুদ্ধার এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিহির বিশ্বাস, ঢাকা মহানগর শাখার সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এ ছাড়া ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক শাকিল রহমান উপস্থিত ছিলেন।

স্মারকলিপির অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ, নৌপরিবহন, শিল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীদের পাশাপাশি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের কাছেও পাঠানো হয়েছে। একই দাবিতে দেশের বিভিন্ন জেলা শাখাও নিজ নিজ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।

স্মারকলিপিতে সরকারের পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে সংগঠনটি জানায়, পরিবেশ সংরক্ষণে প্রধানমন্ত্রীর দূরদর্শী পদক্ষেপ, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে অবস্থান গ্রহণ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আশাব্যঞ্জক। পাশাপাশি জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে জনগণের পাশে থেকে কাজ করার নির্দেশনাকেও স্বাগত জানানো হয়েছে।

তবে এসব উদ্যোগের পরও দেশের নদ-নদীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। স্মারকলিপিতে বলা হয়েছে, বর্ষা মৌসুমে বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ এবং নদীভাঙনের মতো সমস্যা অব্যাহত রয়েছে। এর ফলে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ নদী এ সংকটের বড় উদাহরণ।

স্মারকলিপিতে ১৭ দফা দাবি

সংগঠনটির উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • নদীসংক্রান্ত উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির মতামত বাধ্যতামূলক করা।
  • শিল্পকারখানায় ২৪ ঘণ্টা কার্যকর বর্জ্য শোধনাগার (ইটিপি) চালু রাখা।
  • নদীর পাড়ে নিয়মিত জরিপ পরিচালনা এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ।
  • পরিকল্পিতভাবে নদী খনন এবং ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার।
  • হাওড় ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ।
  • নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ ও নদীবন্দর সংস্কার।
  • অপরিকল্পিত সেতু ও বাঁধ অপসারণ এবং নদীতীরে দেশীয় ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ।

এ ছাড়া অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশ, ভারত, চীন, নেপাল, ভুটান ও মিয়ানমারকে নিয়ে দক্ষিণ এশীয় আঞ্চলিক নদী কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

১৯৯৭ সালের জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবিও জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী ও কর্ণফুলীসহ দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবস্থাপনা বা রিসাইক্লিং ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়েছে। নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক মৎস্য চাষ, মাছের প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান এবং বন্যাপ্রবণ এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের কথাও বলা হয়েছে।

পাশাপাশি নদী, খাল-বিল, পুকুর, দীঘি ও সমুদ্রসৈকতে পোড়া মবিল, তেল, প্লাস্টিক, পলিথিন ও গৃহস্থালি বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে সংগঠনটি আশাবাদ ব্যক্ত করে বলেছে, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা গেলে দেশের নদ-নদীগুলো আবারও প্রাণ ফিরে পাবে। একই সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন আরও গতিশীল হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button