বাংলাদেশ

চাচার পিস্তল হাতে ছবি তুলেছিল ভাতিজা, ছবির সূত্র ধরে দুজনই গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করে অস্ত্রটির সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কোড়ালিয়া এলাকায় চেকপোস্ট বসায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ সময় সন্দেহজনক চলাফেরার কারণে ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তাদের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। ছবিটির বিষয়ে জানতে চাইলে আরাফাত পুলিশকে জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে অস্ত্রটি হাতে নিয়ে ছবি তুলেছিল সে।

পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় সদর মডেল থানা ও কচুয়া থানা পুলিশের একটি দল। এ সময় নাহিদের বসতঘরের খাটের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা এসআই কালাম গাজী জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাহিদ ও আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য আটক অন্য ১০ যুবকও থানা হেফাজতে রয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button