ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে: কাদের

দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ও উদ্বেগের কারণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি চালানো হবে। ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ের দলের নেতাকর্মীদের (তিনদিন) ৩১ জুলাই, ২ ও ৩ আগস্টের দিনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযানে অংশ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু প্রায় ২১ জেলায় ছড়িয়ে পড়েছে ও বিস্তার ঘটেছে, এই ভয়াবহ বিস্তার রোধে আমাদের দলেরও করণীয় আছে। শুধু সরকারিভাবে দায়িত্ব পালন ও কর্মকাণ্ডের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশে দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, সচেতনতা-সতর্কতামূলক কর্মকাণ্ড ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার।
ডেঙ্গুর ব্যাপারে সবাই সচেতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চোখের চিকিৎসা করাচ্ছেন। তিনি লন্ডন থেকে আমাদের সঙ্গে, দু’মেয়রের সঙ্গে কথা বলছেন, নির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন। আজও তিনি আমাদের সম্পাদকমণ্ডলীর সভা চলাকালে ২৫ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কোনো পরিস্থিতিতে আমরা নিষ্ক্রিয় থাকিনি সরকারিভাবে পাশাপাশি দলীয়ভাবেও এগিয়ে এসেছি।ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি মোকাবিলা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আশা করছি, আমরা ভয়কে জয় করতে পারবো। কারো কথায় ‘স্লিপ অব টাং’ থাকতে পারে। কিন্তু তারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। ডেঙ্গুর ওষুধ যেটা আছে সেটা সব সময় কার্যকর নাও হতে পারে। যে ওষুধে কাজ হবে সেটা আনার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাটিভি/পিয়াস মাহমুদ



