দুর্গাপূজার প্রস্তুতিতে মেতে উঠেছেন ফ্রান্স প্রবাসীরা

রাসেল আহমেদ, ফ্রান্স : আর কিছুদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে দেশের মতো আনন্দ উল্লাসে উদযাপন করতে না পারলেও পূজাকে সামনে রেখে ফ্রান্সে কেনা-কাটায় ব্যস্ত সময় পার করছেন সনাতন ধর্মাবলম্বী প্রবাসীরা।
ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে ইতালীর পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে পরিবারসহ বসবাস করছে প্রায় কয়েক হাজার বাংলাদেশি। এসব প্রবাসীদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যাও কম নয়। হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে কেনা কাটায় ব্যস্ত হয়ে উঠেছে প্রবাসীরা।
পূজা উপলক্ষে পছন্দের পোশাক কিনতে পেরে আনন্দের পাশপাশি সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান শিশু কিশোরা। কমিউনিটির মানুষের সাথে আন্তরিকভাবে সব ধরনের উৎসব উদযাপন করতে পেরে ভুলে যান দেশে আত্মীয় পরিজন রেখে আসা দুঃখ কষ্টের কথা।
প্যারিসের পোষাক ব্যবসায়ীরা বলছেন, তাদের ব্যবসা বেশ ভাল, তবে ঈদ উপলক্ষে যেমন হয়েছিল তেমনটাই প্রত্যাশা করছেন তারা।
আয়োজকদের একজন বলেন, এবারে ফ্রান্সের প্যারিস নগরীতে ৭ থেকে ৮টি স্থানে পূজা মন্ডপ তৈরী করা হয়েছে। বিভিন্ন শহর থেকে সনাতন ধর্মাবলম্বীদের এসব পূজা মন্ডপে আসার কথাও রয়েছে। দেশের মতো আনন্দ উল্লাস করতে না পারলেও পূজা উদযাপনে কোন প্রকারের কমতিও থাকে না প্রবাসীদের।
বাংলাটিভি/ নূর



